ট্রাম্পের সতর্কবার্তা, ‘বিপর্যয়ের’ দ্বারপ্রান্তে যুক্তরাজ্য
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬
তীব্র অভিবাসন ও জ্বালানি সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিলে যুক্তরাজ্য ‘বিপর্যয়ের’ মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, দেশটি এখন একটি ‘গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে’ পৌঁছেছে।
জিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে উদ্দেশ করে এসব কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, অন্যান্য অনেক দেশের তুলনায় যুক্তরাজ্যের অভিবাসন সমস্যা গুরুতর। একই সঙ্গে দেশটির জ্বালানি ব্যয়ও প্রয়োজনের তুলনায় তিন থেকে চার গুণ বেশি।
বার্নহ্যামকে সতর্ক করে ট্রাম্প বলেন, ‘আপনাদের দেশ সমস্যার মধ্যে রয়েছে। আপনারা বিপর্যয়ের দ্বারপ্রান্তে। আমি এটিকে একটি সন্ধিক্ষণ বলি। অধিকাংশ দেশের তুলনায় আপনাদের অভিবাসন সমস্যা অত্যন্ত গুরুতর। একইভাবে জ্বালানি সমস্যাও গুরুতর।’
অবৈধ পথে অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশ অব্যাহত থাকলে দেশটির অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করেন তিনি।
ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশের বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, এ সংকট বন্ধে ব্রিটিশ সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিকে স্কটল্যান্ডের উপকূলবর্তী দুটি তেল ও গ্যাসক্ষেত্রের অনুমোদন নিয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় উত্তর সাগরের তেল ব্যবহার করা যেতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প। তাঁর মতে, জ্বালানি সমস্যা সমাধান করা তুলনামূলক সহজ হলেও অভিবাসন সংকট মোকাবেলা আরও কঠিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ হাজার ৫১৩ জনের বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন।
তবে আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪৩ শতাংশ কম। সব মিলিয়ে ২০১৮ সালের পর থেকে এ সময়ের গড় হিসাবে অভিবাসীর সংখ্যা বেড়ে ৬৭ দশমিক ৬ জনে দাঁড়িয়েছে।
ইংলিশ চ্যানেল পাড়ি ঠেকাতে ফ্রান্সকে সহায়তা হিসেবে যুক্তরাজ্য এখন পর্যন্ত ১০০ কোটি পাউন্ডের (প্রায় ১৩৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার) বেশি দিয়েছে। এর মধ্যেই পাচারকারীরা আরও বেশি মানুষ বহনে সক্ষম ‘মেগা-ডিঙ্গি’ ব্যবহার করছে এবং পারাপারের জন্য অভিবাসীদের কাছ থেকে নেওয়া অর্থ দ্বিগুণ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকের একটি ফোনালাপে ট্রাম্পের সঙ্গে কথা বলেন বার্নহ্যাম। ওই কথোপকথনে ফুটবল, ম্যানচেস্টার ও ইরান যুদ্ধ নিয়েও আলোচনা হয়। আগামী বছরের জি২০ সম্মেলনে নিজের শহর ম্যানচেস্টারে ট্রাম্পকে আমন্ত্রণও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তবে ট্রাম্প ও বার্নহ্যামের সম্পর্ক আগে এতটা উষ্ণ ছিল না। ট্রাম্প একসময় বার্নহ্যামকে ‘একটি শহরের মেয়র’ বলে কটাক্ষ করেছিলেন এবং তাঁকে ‘অত্যন্ত উদারপন্থী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
অন্যদিকে, ২০১৭ সালে ট্রাম্পের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ উগ্রপন্থী উপকরণ’ অনলাইনে ছড়ানোর অভিযোগ তুলে নীতিগত কারণে তাঁর সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানানোর কথা বলেছিলেন বার্নহ্যাম। পরে অবশ্য তিনি সেই অবস্থান থেকে সরে এসে বলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজের অবস্থান বজায় রাখার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের পদ এবং যুক্তরাজ্য-মার্কিন সম্পর্কের প্রতি সম্মান দেখাবেন।



