বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৯৫ জন

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বাড়ায় ২০২৫ সালে বিলিয়নেয়ারের সংখ্যা বেড়ে রেকর্ড ৩ হাজার ৭৯৫ জনে পৌঁছেছে। সম্পদবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আলট্রাটার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এক বছরে বিলিয়নেয়ারের সংখ্যা বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ, যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। একই সময়ে তাদের সম্মিলিত সম্পদ ১২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৫ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আলট্রাটা জানিয়েছে, গত পাঁচ বছরে অন্তত ৩ কোটি ডলার এআই খাতে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর বাজারমূল্য ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে এআইয়ে বিনিয়োগ না করা কোম্পানিগুলোর তুলনায় ২৩ শতাংশ বেশি বেড়েছে।

প্রতিবেদনে ৫০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক ২৯ জনকে ‘সুপারবিলিয়নেয়ার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৪ দশমিক ১ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের সব বিলিয়নেয়ারের মোট সম্পদের ২৭ শতাংশ। ২০১৭ সালে এ ধরনের ধনকুবের ছিলেন মাত্র ১০ জন।

আলট্রাটার প্রতিবেদনে বলা হয়েছে, বিলিয়নেয়ারদের সম্পদ বৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল এআই খাতে বিনিয়োগ। গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ, টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মতো সুপারবিলিয়নেয়াররা এআই বিনিয়োগের এই উত্থান থেকে ক্রমেই আরও ধনী হচ্ছেন।