দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার দুপুরে সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা ফিরিয়ে আনা এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।
সভায় প্রধানমন্ত্রী এরই মধ্যে নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তারেক রহমান বলেন, শুধু নিজেদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে।
এ জন্য শুধু সরকারি নির্দেশনার ওপর নির্ভর না করে প্রত্যেককে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও পরিবেশ রক্ষায় কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সভায় স্থানীয় সরকার, পরিবেশ, শিল্প, পানিসম্পদ ও নৌপরিবহনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিশেষ সহকারী, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।



