রাশিয়ার হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা জার্মানির
ডেল্টা আর্ন্তজাতিক
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
ড্রোন হামলা, সাইবার আক্রমণ এবং নাশকতামূলক তৎপরতা মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড অ্যাম জোনটাগ জানিয়েছে, গত মাসে দেশটির একটি বিমানবন্দরে ব্যর্থ ড্রোন হামলার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেছেন, রাশিয়ার কথিত হাইব্রিড হামলা এখন জার্মানির জন্য দৈনন্দিন বাস্তবতার অংশ হয়ে উঠেছে। ভবিষ্যতে এ ধরনের হামলা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
তবে জার্মানি নিজেদের সুরক্ষা এবং সম্ভাব্য হামলা প্রতিরোধে সক্ষম বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরিকল্পনার আওতায় পুলিশের কাউন্টার-ড্রোন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র ও সরকারি স্থাপনার আকাশসীমা সুরক্ষায় বিভিন্ন শহরে দ্রুত মোতায়েনযোগ্য বিশেষ ইউনিট রাখা হবে।
এসব ইউনিট প্রয়োজন হলে ঘটনাস্থলে গিয়ে ড্রোন শনাক্ত এবং তা প্রতিরোধে কাজ করবে।
শুধু সরকারি বাহিনী নয়, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারীদেরও ড্রোন প্রতিহত করার আইনগত ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া সাইবার হামলা মোকাবিলায় জাতীয় পর্যায়ে একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছে জার্মানি। এর নাম দেওয়া হয়েছে ‘সাইবারডোম’।
এই ব্যবস্থার আওতায় ডিজিটাল সেন্সরের একটি নেটওয়ার্ক তৈরি করা হবে। এর মাধ্যমে সম্ভাব্য সাইবার হামলা দ্রুত শনাক্ত এবং প্রতিহত করার চেষ্টা করা হবে।
নাশকতার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেট্রিক মুখ শনাক্তকরণ এবং ভিডিও নজরদারি আরও বিস্তৃত করার কথা জানিয়েছে সরকার।
রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলেও এসব প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
তবে জার্মানির বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটির বিমানবন্দরে ড্রোন হামলার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো।
রাশিয়ার দাবি, এ ধরনের অভিযোগ মূলত রাশিয়াবিরোধী কর্মকাণ্ডের অংশ। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।



