আগ্নেয়গিরির ছাইয়ে জাকার্তায় ৩০১ ফ্লাইট স্থগিত
ডেল্টা আর্ন্তজাতিক
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিশাল ছাইয়ের মেঘ। এতে রাজধানী জাকার্তার সুকর্ণ-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বিমান চলাচল।
আগ্নেয়গিরির ছাইয়ের কারণে ৫৮টি আন্তর্জাতিকসহ মোট ৩০১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আকাশে বড় এলাকাজুড়ে ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও দেশটির পরিবহন মন্ত্রণালয়।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ছাই জাভা অঞ্চলে প্রায় ২০ হাজার ফুট এবং সুমাত্রা ও বানতেন প্রদেশে প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
ছাইয়ের কারণে স্থানীয় বেশ কয়েকটি স্কুলে পাঠদানও স্থগিত করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কারণে জেলেদের সাগরে মাছ ধরতে যাওয়াও বন্ধ রাখতে বলা হয়েছে।
তবে এই অগ্ন্যুৎপাতের কারণে আপাতত সুনামির কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা ও আবহাওয়া দপ্তর।
এদিকে আগ্নেয় ছাইয়ের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি মাস্ক ও চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী এলাকায় অবস্থিত আনাক ক্রাকাতাও প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের একটি সক্রিয় আগ্নেয়গিরি।
এর আগে ২০১৮ সালে ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরিটির একটি অংশ ধসে সুনামি সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে আগ্নেয়গিরির কার্যক্রম এবং আকাশে ছাইয়ের বিস্তার পর্যবেক্ষণ করছে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



