শিক্ষার্থীর চাপ ও সক্ষমতা দেখে দুই শিফট চালুর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬
রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে দুই শিফট চালু করবে না সরকার। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদন ও বাস্তব সক্ষমতা যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানভিত্তিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস জানতে চান, ঢাকাসহ সব বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুই শিফট চালু করে আসন সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।
লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীর চাপ ও স্থানীয় চাহিদা বিবেচনায় প্রচলিত নীতিমালা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শিফট চালুর সুযোগ রয়েছে। তবে সব প্রতিষ্ঠানে একযোগে দুই শিফট চালু করা হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদন এবং বাস্তব সক্ষমতা যাচাই করে প্রতিষ্ঠানভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।
কোনো প্রতিষ্ঠানে দুই শিফট চালুর প্রস্তাব পাওয়া গেলে কয়েকটি বিষয় পর্যালোচনা করা হয়। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট এলাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ও অতিরিক্ত আসনের চাহিদা, শ্রেণিকক্ষ, আসবাবপত্র, স্যানিটেশনসহ অবকাঠামোগত সক্ষমতা এবং প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক ও কর্মচারীর প্রাপ্যতা।
এ ছাড়া উভয় শিফটে নির্ধারিত পাঠঘণ্টা ও পাঠ্যসূচি যথাযথভাবে সম্পন্ন করার সক্ষমতা, প্রতিষ্ঠানের একাডেমিক ফলাফল ও প্রশাসনিক ব্যবস্থাপনা, অতিরিক্ত আর্থিক ব্যয় এবং দুই শিফট চালুর ফলে শিক্ষার গুণগত মান বজায় থাকবে কি না—এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, আবেদনকারী প্রতিষ্ঠানের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশ পাওয়া গেলে দুই শিফট চালুর বিষয়টি বিবেচনা করবে শিক্ষা মন্ত্রণালয়।
অনুমোদন পাওয়া গেলে প্রতিষ্ঠানটি নির্ধারিত শর্ত অনুসরণ করে পরবর্তী উপযুক্ত শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শিফট চালু করতে পারবে।
দেশব্যাপী এ উদ্যোগ বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠানভিত্তিক আবেদন, যাচাই ও অনুমোদনের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ায় এর জন্য অভিন্ন কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব পাওয়ার পর প্রচলিত নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



