সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে রিয়াদ-তায়েফ সড়কের আল-হাওয়িয়াহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়।

গতকাল রাতে রিয়াদ-তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজ থেকে প্রায় সাত কিলোমিটার পর একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা চার বাংলাদেশি নিহত হন।

নিহতরা হলেন করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম। দুর্ঘটনা-সংক্রান্ত আরবি নথি অনুযায়ী, নিহত চারজনই বাংলাদেশি নাগরিক। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের সবার বাড়ি সিলেটে। এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এক শোকবার্তায় তারা জানান, নিহতদের বিষয়ে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ের কষ্ট সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।