ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এই রুটে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তর, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম রেল করিডরে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

তবে কবে নাগাদ ইলেকট্রিক ট্রেন চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন পাওয়া সাপেক্ষে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন পরিচালনা সম্ভব হবে। এতে ট্রেনের গড় গতি বাড়বে এবং দুই শহরের মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে জানান প্রধানমন্ত্রী।