যে ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬
সরকারি চাকরির তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১ থেকে ২০ গ্রেড) পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। তবে ছয় ধরনের বাহিনী ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাভুক্ত পদে প্রস্তাবিত নতুন বিধিমালা প্রযোজ্য হবে না।
রবিবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাবসংবলিত খসড়া অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত বিধিমালায় ১১ থেকে ২০ গ্রেডের পদগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে। বর্তমানে এসব পদে মৌখিক পরীক্ষায় ১০ নম্বর থাকলেও নতুন প্রস্তাবে গ্রেডভেদে তা ২৫, ৪০ ও ৫০ নম্বর করার কথা বলা হয়েছে।
খসড়া অনুযায়ী, ১১ ও ১২ গ্রেডের পদে মোট ১৫০ নম্বরের পরীক্ষায় মৌখিকের জন্য ৫০ নম্বর রাখা হবে। বর্তমানে যেখানে ভাইভায় ১০ নম্বর রয়েছে, সেখানে এটি ৪০০ শতাংশ বৃদ্ধি পাবে। একই সঙ্গে লিখিত পরীক্ষার নম্বর ৯০ থেকে বাড়িয়ে ১০০ করা এবং লিখিত পরীক্ষায় পাসের ন্যূনতম নম্বর ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
১৩ থেকে ১৬ গ্রেডের পদে বর্তমানে লিখিত পরীক্ষায় ৯০ এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর রয়েছে। নতুন প্রস্তাবে লিখিত পরীক্ষায় ৬০ এবং মৌখিক পরীক্ষায় ৪০ নম্বর রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি লিখিত পরীক্ষায় পাসের নম্বর ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে, ১৭ থেকে ২০ গ্রেডের পদে বর্তমানে লিখিত পরীক্ষায় ৪০ এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর রয়েছে। প্রস্তাবিত বিধিমালায় লিখিত ও মৌখিক—দুই পরীক্ষায় ২৫ নম্বর করে রাখার কথা বলা হয়েছে।
তবে প্রস্তাবিত বিধিমালা শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার ব্যাটালিয়ন, কোস্ট গার্ড, র্যাবসহ অন্যান্য বাহিনী এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাভুক্ত কোনো পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
খসড়া বিধিমালায় বলা হয়েছে, ‘মন্ত্রণালয় বা বিভাগ ও ইহার আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংস্থাসমূহের ১১তম থেকে ২০তম গ্রেডে সরাসরি নিয়োগের জন্য পরীক্ষার মান বণ্টন (বিশেষ বিধান) বিধিমালা, ২০২৬’ নামে এটি কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১১ থেকে ২০ গ্রেডের চাকরিতে নম্বর পুনর্বিন্যাসের বিষয়টি সচিব কমিটির সভায় চূড়ান্ত হয়েছে। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এটি কার্যকর হবে না। প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেলে প্রজ্ঞাপন জারি হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।’



