সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিহত ১৪
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬
সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে যুদ্ধের সময়ের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।
বুধবার উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর গুদামটিতে আগুন ধরে যায় এবং কয়েক ঘণ্টা ধরে সেখান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নেভানোর সময় গুদামটিতে পরপর আরো কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে উদ্ধারকারী ও দমকলকর্মীদের কাজ ব্যাহত হয়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন।
বিস্ফোরণের পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে অভিযান চালানো হচ্ছে।
তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস হওয়া ওই গুদামে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময়ের অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করা হতো।



