বক্তব্যের মাঝে চীনা নোট, মঞ্চেই ক্ষোভ ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রীর
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬
দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে আন্তর্জাতিক এক সম্মেলনের মঞ্চে চীনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জুনিয়র। বক্তব্য দেওয়ার সময় তাঁর কাছে চীনের অবস্থান তুলে ধরে একটি নোট পৌঁছে দেওয়া হলে সেটি পড়ে শোনানোর পর বেইজিংয়ের বিরুদ্ধে ‘বুলিং’ ও ‘আগ্রাসনের’ অভিযোগ তোলেন তিনি।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সিউল ডিফেন্স ডায়ালগে এ ঘটনা ঘটে। সেখানে দক্ষিণ চীন সাগরে তথাকথিত ‘গ্রে-জোন’ চাপ প্রয়োগ নিয়ে এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন তেওদোরো।
এ সময় সম্মেলনের এক কর্মী তাঁর পাশে টেবিলে একটি নোট রেখে যান বলে ভিডিওতে দেখা যায়। নোটটি চীনের কাছ থেকে এসেছে বলে উল্লেখ করে তেওদোরো বলেন, এতে দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের অবস্থান তুলে ধরা হয়েছে।
এরপর তিনি নোটে থাকা বক্তব্যগুলো একে একে পড়ে শোনান এবং তাৎক্ষণিকভাবে নিজের প্রতিক্রিয়া জানান।
তেওদোরো বলেন, তাঁর বক্তব্যকে প্রভাবিত করার এই চীনা প্রচেষ্টা আর ‘গ্রে-জোন’ কৌশলের মধ্যে পড়ে না। তাঁর ভাষায়, এটি সরাসরি ‘চাপ প্রয়োগ, বুলিং ও আগ্রাসন’।
দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি এসব মন্তব্য করেন।
দক্ষিণ চীন সাগরের জলসীমা ও সামুদ্রিক অধিকার নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের মধ্যেই দুই দেশের মধ্যে জলসীমায় মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনাও নিয়মিত ঘটছে।



