রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের লক্ষ্য নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬
রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের লক্ষ্য নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শুধু সীমান্ত পার হয়ে মিয়ানমারে ফিরে যাওয়া নয়, বরং অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাসের নিশ্চয়তা তৈরি করেই প্রত্যাবাসন হতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য একদম স্পষ্ট। তা হলো নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন। যাতে তারা অধিকার, মর্যাদা এবং তাদের ভবিষ্যতের প্রতি আস্থা নিয়ে বাঁচতে পারে।’
তিনি বলেন, ‘প্রত্যাবাসন মানে শুধু সীমান্ত পার হওয়া নয়। এমন একটি জায়গায় ফিরে যাওয়া, যেখানে মানুষ নিরাপত্তা, অধিকার, মর্যাদা এবং তাদের ভবিষ্যতের প্রতি আস্থা নিয়ে বাঁচতে পারে।’
হুমায়ুন কবির মনে করেন, মিয়ানমারে এমন একটি পরিস্থিতি তৈরি করা প্রয়োজন, যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রকৃত অর্থেই টেকসই হয়।
বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি, পরিবেশ, জনসেবা, স্থানীয় সম্প্রদায় ও জাতীয় নিরাপত্তার ওপর ব্যাপক চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ এ দায়িত্ব পালন করে যাচ্ছে।
রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু সংহতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে অংশীদারিমূলক দায়িত্ব ও টেকসই রাজনৈতিক সম্পৃক্ততার দিকে এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার অর্থায়ন অবশ্যই নিশ্চিত ও ধারাবাহিক হতে হবে। একই সঙ্গে আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়গুলোকেও অর্থবহ সহায়তা দিতে হবে।



