ড্রোন সতর্কতায় জেলেনস্কির নরওয়েযাত্রায় বিলম্ব

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

রাশিয়ার ড্রোনের কারণে মলদোভার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমানের উড্ডয়নে বিলম্ব হয়েছে। নরওয়ের উদ্দেশে যাত্রার আগে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

বুধবার মলদোভা সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। লিখিত বিবৃতিতে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মলদোভার ভূখণ্ডে রাশিয়ার একটি ড্রোন নেমে আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলেনস্কির বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।

ড্রোন সতর্কতার কারণে মলদোভার আকাশসীমা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। এতে জেলেনস্কির বিমানসহ তিনটি বিমান উড্ডয়নে এবং চারটি বিমান অবতরণে বিলম্ব হয়।

মলদোভার কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাশিয়ার দুটি ড্রোন দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল। এর একটি রাজধানী চিসিনাউয়ের উত্তরে একটি মাঠে গিয়ে পড়ে এবং সেখানে আগুন ধরে যায়। অন্যটি মলদোভার আকাশসীমা পেরিয়ে প্রতিবেশী রোমানিয়ায় ঢুকে পড়ে।

ঘটনার পর মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু ড্রোন প্রবেশের তীব্র নিন্দা জানান। তিনি এটিকে মানুষের জীবনের জন্য ‘গুরুতর হুমকি’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে মলদোভার সীমান্তের একটি স্থলপথে রাশিয়ার ড্রোন হামলারও নিন্দা জানান তিনি। ওই হামলায় দুজন নিহত হন।

এদিকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকেকে বলেন, মলদোভা থেকে উড্ডয়নের আগে জেলেনস্কিকে বহনকারী বিমানটি একটি ড্রোনের হামলার খুব কাছাকাছি চলে গিয়েছিল।

স্টোরে বলেন, ‘মলদোভা থেকে উড্ডয়নের ঠিক আগে তার বিমানটি প্রায় একটি ড্রোনের আঘাতে পড়েছিল। তিনি যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, এটাই তার বাস্তবতা।’ তবে ড্রোনটি জেলেনস্কির বিমানের কতটা কাছে ছিল বা তথ্যটির নির্দিষ্ট উৎস সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

ড্রোন সতর্কতার কারণে যাত্রা বিলম্বিত হলেও শেষ পর্যন্ত নরওয়েতে পৌঁছান জেলেনস্কি। বুধবার রাজধানী অসলোয় নরওয়ের রাজা হারাল্ড পঞ্চমের শেষকৃত্যে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে কিছুক্ষণ পরই নরওয়ে ছাড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট।