রিপাবলিকানরা জিতলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে আমেরিকার প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ অর্থকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার ডালাসে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে দেওয়া প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের বক্তব্যে ট্রাম্প এ ঘোষণা দেন। ভোটারদের রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে উৎসাহিত করতেই তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে প্রাপ্তবয়স্কদের কীভাবে এই অর্থ দেওয়া হবে এবং এমন অর্থ বিতরণ আইনগতভাবে কীভাবে সম্ভব হবে, তা এখনো স্পষ্ট নয়। আমেরিকায় প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ থাকায় সবাইকে পাঁচ হাজার ডলার করে দিতে হলে মোট ব্যয় হতে পারে প্রায় ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার।
নির্বাচনী প্রচারে ট্রাম্পই মূল মুখ
বক্তব্যে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তাঁর গত দুই বছরকে ‘ইতিহাসের সেরা দুই বছর’ বলে দাবি করেন। জনপ্রিয়তা কমে যাওয়ার খবরের মধ্যেও মধ্যবর্তী নির্বাচনের প্রচারে তিনি নিজেকেই সামনে রাখছেন।
ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে আমেরিকার জন্য বড় সমস্যা তৈরি হবে। তাই ভোটারদের রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তবে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কার কারণে অনেক ভোটার ট্রাম্পের দল থেকে দূরে সরে গেছেন বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে।
প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ
সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এমনভাবে ভাবুন, যেন আমিই নির্বাচনে প্রার্থী।’ তবে তাঁকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় কিছু রিপাবলিকান প্রার্থী কঠিন পরিস্থিতিতে পড়েছেন। নির্বাচনী লড়াইয়ে ট্রাম্পের কাছ থেকে কিছুটা দূরে থাকা প্রয়োজন হলেও তাঁর সমর্থকদের হারানোর আশঙ্কাও রয়েছে তাদের।
এ কারণে কয়েকজন রিপাবলিকান নেতা সম্মেলনে অংশ নেননি। তাঁদের মধ্যে মিশিগানের টম ব্যারেট, আলাস্কার ড্যান সুলিভান ও মেইনের সুসান কলিন্স রয়েছেন। তাঁরা প্রত্যেকেই কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি।
অন্যদিকে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন ও ওহাইওর সিনেটর জন হাস্টেডের মতো কয়েকজন রিপাবলিকান নেতা সম্মেলনে বক্তব্য দিয়েছেন। অন্তত ১৬ জন প্রার্থীর সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা ছিল।
দুই দিনব্যাপী এই সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার ট্রাম্প আবারও বক্তব্য দেবেন। সম্মেলনে ট্রাম্পকে এত বেশি গুরুত্ব দেওয়ায় রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জো গ্রুটার্স মজা করে এর নাম দিয়েছেন ‘ট্রাম্পাপালুজা’—জনপ্রিয় সঙ্গীত উৎসব ‘লোলাপালুজা’-এর নামের আদলে।
ট্রাম্প আশা করছেন, দুই বছর আগে যারা তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলেন, তারা এবারও তাঁকে ও রিপাবলিকানদের সমর্থন করবেন। মধ্যবর্তী নির্বাচনের আগে আরও প্রায় আট সপ্তাহ সময় থাকায় গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে কয়েক দফা সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
তবে তাঁর বক্তব্যের সময় ২১ হাজার আসনের পুরো অ্যারেনা দর্শকে পূর্ণ ছিল বলে ট্রাম্প দাবি করলেও ওপরের গ্যালারির অনেক আসন খালি দেখা যায়।



