মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকমিশনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানানো হয়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসীকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিষয়টি জানার পর বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরে ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্ট ও পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই করে তাদের ছেড়ে দেন।

হাইকমিশন জানিয়েছে, প্রবাসে চলাচলের সময় সব বাংলাদেশিকে প্রয়োজনীয় ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়া সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানানো হয়েছে।