ইরানের কাছে মার্কিন ঘাঁটির ছবি দেওয়ার অভিযোগ নিয়ে যা বললেন ট্রাম্প

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ইরানের কাছে আমেরিকার সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য চীন সরবরাহ করেছিল কি না—এ নিয়ে নতুন করে আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জর্ডানে থাকা আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে চীনা সংস্থাগুলো ইরানকে উচ্চ মানের স্যাটেলাইট ছবি দিয়েছিল।

তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকার এই দাবি ভিত্তিহীন।

এ বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে কঠোর মন্তব্য করেননি। বরং তিনি বলেন, “আমেরিকাও চীনের ওপর নজরদারি চালায়।”

ট্রাম্পের বক্তব্যের অর্থ হলো, দুই দেশই একে অন্যের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে থাকে।

আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এর আগে এই অভিযোগ সামনে আসায় দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হতে পারে।

তবে আমেরিকার কর্মকর্তারা বলছেন, চীনা সংস্থার সম্ভাব্য সহায়তার অভিযোগ থাকলেও চীন সরকার সরাসরি ওই হামলায় জড়িত—এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এছাড়া ইরানের কাছে যদি চীনের স্যাটেলাইট ছবি থেকেও থাকে, সেটিই হামলার একমাত্র তথ্যের উৎস ছিল কি না, তা নিশ্চিত নয়। আমেরিকার কর্মকর্তাদের ধারণা, ইরান নিজের গোয়েন্দা ব্যবস্থা, নিজস্ব স্যাটেলাইট এবং রাশিয়ার কাছ থেকে পাওয়া তথ্যও ব্যবহার করে থাকতে পারে।