সৌদির তিন শহরে হুতিদের হামলা, আহত ১৩

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

সৌদি আরবের তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলায় সাতটি আবাসিক বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর সৌদি গেজেটের।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) খামিস মুশাইত, আবহা ও তায়েফের বেসামরিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। আহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা জানানো হয়নি।

হামলায় আহত ১৩ জনের আঘাত সামান্য থেকে মাঝারি মাত্রার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় কয়েকটি আবাসিক বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আল-মালিকি বলেন, বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক এ ধরনের হামলা হুথিদের আগ্রাসী কর্মকাণ্ডের প্রমাণ। সৌদি আরবের সার্বভৌমত্ব, নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষায় জোট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার এবং জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় এসব হামলার জবাব দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে জোট।