তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা বলল ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বঙ্গোপসাগরীয় বহু-খাতভিত্তিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না—এ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা নিয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রথমে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে বিমসটেকের সভাপতি হিসেবে তাকে ব্রিকস শীর্ষ সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়।
তিনি বলেন, ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি পৃথক আমন্ত্রণ পেয়েছিলেন—একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য।



