মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবির নতুন দুই টিওবি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বিজিবির নতুন দুটি টিওবি (টেম্পোরারি অপারেশনাল বেস) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত টিওবি দুটি উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।
উদ্বোধনের পর তিনি টিওবি দুটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
বিজিবি সূত্রে জানা গেছে, নতুন দুটি টিওবি চালুর ফলে সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সক্ষমতা বাড়বে।
বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার বলেন, দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে নতুন টিওবি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।



