নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী তানিয়ার উন্নত চিকিৎসা ও দোষীদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬
Screenshot

গৃহকর্মী তানিয়া আক্তারের ওপর অমানবিক ও পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডাব্লিউএলএ)। একই সঙ্গে তানিয়াসহ নির্যাতনের শিকার সব শিশু গৃহকর্মীর ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট সীমা জাহান বলেন, শিশু গৃহকর্মী নির্যাতন ও মৃত্যুর ঘটনাগুলোর বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। পাশাপাশি দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শিশুদের ঝুঁকিপূর্ণ গৃহকর্মে নিয়োগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ যথাযথ বাস্তবায়ন করতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, শিশু গৃহকর্মীদের ওপর নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শিশু গৃহকর্মীদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে, যা বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত না হওয়ার কারণে প্রকাশ্যে আসা এসব ঘটনার পাশাপাশি আরও অনেক ঘটনা আড়ালে থেকে যাচ্ছে। ধারাবাহিক এসব ঘটনা প্রমাণ করে, গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশে বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন, যথাযথ নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

শিশু গৃহকর্মীদের সুরক্ষায় আইন ও নীতিমালার বাস্তব প্রয়োগ, নজরদারি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তানিয়া আক্তারসহ নির্যাতনের শিকার সব শিশু গৃহকর্মীর ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত কনতে হবে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে শ্রমিক নিরাপত্তা ফোরামের সদ্যস্য সচিব সেকেন্দার আলী মিনা স্বাক্ষরিত অপর এক বিবৃতিতে বলা হয়েছে, শিশু গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের এসব ঘটনায় শুধু তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। গৃহকর্মে শিশু নিয়োগের ক্ষেত্রে কার্যকর নজরদারি, নিয়োগদাতা ও মধ্যস্বত্বভোগীদের জবাবদিহির আওতায় আনা এবং নির্যাতনের অভিযোগ দ্রুত তদন্তের জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

একই সঙ্গে গৃহশ্রমিকদের নিবন্ধন, কর্মস্থলের তথ্য সংরক্ষণ এবং অভিযোগ জানানোর সহজ ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিশুদের সুরক্ষায় রাষ্ট্রীয় সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছে সংগঠনটি।
### নিখিল/