অপ্রতিম হত্যা: তুহিনের পর আনাস-ফাহিম আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে প্রথমে তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে আনাস ও ফাহিমের নাম পাওয়া যায়। এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিখোঁজের পর তাকে খুঁজতে অভিযান চালায় পুলিশ। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের কারণ এবং এর সাথে আর কেউ জড়িত কি না, তা জানতে পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে।