মিরপুর-১১ নম্বরে যাত্রীবাহী বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে জানা গেছে, শিকড় পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সেটিও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায়ও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ ধরনের ঘটনা প্রতিরোধে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট পরিচালনার পাশাপাশি ঢাকায় প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ পথেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে চলাচলকারী যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।



