ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আইনে ট্রাম্পের সই
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬
ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আইনের আওতায় নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। একই আইনে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধও সম্প্রসারণ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ আইনে স্বাক্ষর করেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, এই আইনের মাধ্যমে রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ও অন্যান্য বিধিনিষেধ সম্প্রসারণের পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন আইনের ফলে সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বহাল থাকবে।
ইরানের তেল রপ্তানির বড় অংশের ক্রেতা চীন। তেল বিক্রি ও পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ব্যক্তি, প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যবসায়ীদের বিরুদ্ধেও এর আগে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।
নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের আমেরিকায় থাকা সম্পদ জব্দ, দেশটির আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারে বিধিনিষেধ এবং ডলারে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
নতুন আইনের ফলে ইরানের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকা বিদেশি কম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপরও আমেরিকার নিষেধাজ্ঞার ঝুঁকি বহাল থাকবে।
আইনটির নামকরণ করা হয়েছে প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে। আইনটি রাশিয়া ও ইরানের ওপর আমেরিকার অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য প্রেসিডেন্টকে অতিরিক্ত আইনি ক্ষমতা দেওয়ার পাশাপাশি বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে।



