রিয়াদ বিমানবন্দরে আগুন, বাতিল-বিলম্বিত ফ্লাইট

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকায় আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রকাশিত ছবি ও ভিডিওতে বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। বিমানবন্দরের কাছে আগুনের শিখাও দেখা যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে রাতে রিয়াদ ও রাজধানীর পূর্বে অবস্থিত আল-খারজ এলাকায় সম্ভাব্য আকাশপথের হুমকির সতর্কতা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে শনিবার সকালে ওই সতর্কতা তুলে নেওয়া হয়। রিয়াদে থাকা রয়টার্সের এক সাংবাদিকও সতর্কতা তুলে নেওয়ার আগে বিস্ফোরণের মতো শব্দ শোনার কথা জানিয়েছেন।

এদিকে, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রমেও বিঘ্নের খবর পাওয়া গেছে। বিভিন্ন ফ্লাইটে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরের কাছে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের হুতি আন্দোলন ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ ঘটনা ঘটল। তবে বিমানবন্দরের আগুনের সাথে ওই সংঘাত বা কোনো হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।