বিশ্বসেরা এয়ারলাইনের তালিকা প্রকাশ, শীর্ষে সিঙ্গাপুর

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

যুদ্ধ, জলবায়ু সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি ও যাত্রীদের নানা ধরনের অসদাচরণের মধ্যেও কঠিন সময় পার করছে বিশ্ব বিমান চলাচল খাত। এর মধ্যেই ২০২৬ সালের বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস

বিমান চলাচল খাতের ‘অস্কার’ হিসেবে পরিচিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের এবারের আয়োজনে সিঙ্গাপুর এয়ারলাইনসকে বিশ্বের সেরা এয়ারলাইনের স্বীকৃতি দেওয়া হয়। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে ষষ্ঠবারের মতো শীর্ষ পুরস্কার জয়। সর্বশেষ ২০২৩ সালে এ পুরস্কার পেয়েছিল সিঙ্গাপুর এয়ারলাইনস।

গত বছর বিশ্বের সেরা এয়ারলাইনের পুরস্কার পাওয়া কাতার এয়ারওয়েজ এবার দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ। এরপর রয়েছে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ), তার্কিশ এয়ারলাইনস ও এমিরেটস।

স্কাইট্র্যাক্সের তালিকায় এবার শীর্ষ ২০-এ আমেরিকার কোনো এয়ারলাইন জায়গা পায়নি। উত্তর আমেরিকা থেকে একমাত্র এয়ার কানাডা ১৭তম অবস্থানে রয়েছে।

স্কাইট্র্যাক্স জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের মতামত ও গ্রাহকসন্তুষ্টির ওপর ভিত্তি করে এসব পুরস্কার দেওয়া হয়। সিঙ্গাপুর এয়ারলাইনস বিশ্বের সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন এবং সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিংয়ের পুরস্কারও পেয়েছে।

কাতার এয়ারওয়েজ জিতেছে বিশ্বের সেরা বিজনেস ক্লাস এয়ারলাইনের পুরস্কার। পাশাপাশি প্রথমবার দেওয়া বিশ্বের সেরা অনবোর্ড ওয়াই-ফাইয়ের পুরস্কারও পেয়েছে তারা।

ক্যাথে প্যাসিফিক পেয়েছে বিশ্বের সেরা কেবিন ক্রুর পুরস্কার। এদিকে প্রথম শ্রেণির সেরা এয়ারলাইন হয়েছে এয়ার ফ্রান্স। ইভিএ এয়ার পেয়েছে সেরা প্রিমিয়াম ইকোনমি এয়ারলাইনের স্বীকৃতি এবং এয়ারএশিয়া জিতেছে সেরা স্বল্পমূল্যের এয়ারলাইনের পুরস্কার।

আঞ্চলিক তালিকায় এশিয়ার সেরা এয়ারলাইন হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। ইউরোপে সেরা হয়েছে তার্কিশ এয়ারলাইনস, আফ্রিকায় ইথিওপিয়ান এয়ারলাইনস এবং দক্ষিণ আমেরিকায় লাতাম।

স্কাইট্র্যাক্সের এবারের পুরস্কার ঘোষণার অনুষ্ঠানে বিমান চলাচল খাতের বিভিন্ন সংকটও আলোচনায় আসে। ইরান সংঘাত, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নতুন উড়োজাহাজ সরবরাহে বিলম্বের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেন খাতসংশ্লিষ্টরা।

২০২৬ সালের শীর্ষ ২০ এয়ারলাইন

১. সিঙ্গাপুর এয়ারলাইনস
২. কাতার এয়ারওয়েজ
৩. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
৪. অল নিপ্পন এয়ারওয়েজ
৫. তার্কিশ এয়ারলাইনস
৬. এমিরেটস
৭. এয়ার ফ্রান্স
৮. হাইনান এয়ারলাইনস
৯. জাপান এয়ারলাইনস
১০. কোরিয়ান এয়ার
১১. ইভিএ এয়ার
১২. কান্টাস এয়ারওয়েজ
১৩. স্টারলাক্স এয়ারলাইনস
১৪. লুফথানসা
১৫. সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস
১৬. আইবেরিয়া
১৭. এয়ার কানাডা
১৮. ভার্জিন আটলান্টিক
১৯. সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস
২০. থাই এয়ারওয়েজ