সীমান্ত নিরাপত্তা নিয়ে বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক, নতুন নির্দেশ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬
ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার। একই সাথে সীমান্ত ব্যবস্থাপনা পর্যালোচনা করে চিহ্নিত অরক্ষিত এলাকায় সীমান্ত বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিএসএফ।
বিএসএফের তথ্য অনুযায়ী, ১৭ ও ১৮ সেপ্টেম্বর কলকাতায় দুই দিনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফের সব ফ্রন্টিয়ারের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। সম্মেলনে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা, ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণসংক্রান্ত ঝুলে থাকা মামলা, সীমান্ত বেড়া নির্মাণ এবং আন্তসীমান্ত চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সীমান্তের চিহ্নিত অরক্ষিত এলাকাগুলোতে বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রবীণ কুমার।
সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখল ও অবৈধ অভিবাসনের বিষয়েও গুরুত্ব দেন বিএসএফ মহাপরিচালক। একই সাথে আন্তসীমান্ত অপরাধ ও চোরাচালান ঠেকাতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
২০২৯ সালের মধ্যে ‘নেশামুক্ত ভারত’ গড়ার সরকারি লক্ষ্য তুলে ধরে প্রবীণ কুমার বলেন, এ লক্ষ্য অর্জনে বিএসএফকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অপরাধমূলক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত চক্রগুলোকে নিষ্ক্রিয় ও নির্মূল করতে সমন্বিত এবং ধারাবাহিক প্রচেষ্টা চালানোর ওপরও গুরুত্ব দেন তিনি।



