বাংলাদেশ-কানাডা বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি হালকা প্রকৌশল ও যন্ত্রপাতিসহ নতুন খাত যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের বিষয়েও আলোচনা করেছেন দুই দেশের কর্মকর্তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সাক্ষাৎ করেন কানাডার হাইকমিশনার অজিত সিং। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বহুপক্ষীয়তাবাদ সমুন্নত রাখতে বাংলাদেশ ও কানাডার একসাথে কাজ করার উপায় নিয়েও আলোচনা করা হয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও বৈঠকের আশা প্রকাশ করা হয়।

বৈঠকে কানাডায় বসবাসরত এক লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর অবদানের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার অব্যাহত সহযোগিতার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। জবাবে কানাডার হাইকমিশনার রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কানাডার সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে কৃষি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার একটি কাঠামো তৈরির সম্ভাবনার কথাও তুলে ধরেন কানাডার হাইকমিশনার।

এ ছাড়া জ্বালানি সহযোগিতা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।