ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনের চূড়ান্ত প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোর অনেকেই এতে নোট অব ডিসেন্ট দিয়েছেন। বৈঠকে তারা নিজেদের অবস্থান ও বক্তব্য তুলে ধরেছেন।

তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চূড়ান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। এরপর আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে সংবিধানের ১৮তম সংশোধনী বিল আনা হবে।

সংবিধানের কাঠামোগত পরিবর্তনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান শাসনব্যবস্থা, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশ ব্যবস্থার সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ। এর মধ্যে অর্থবছর পরিবর্তনের বিষয়টিও রয়েছে।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলো সুচারুভাবে সম্পন্ন করা এবং অপচয় রোধে সরকার জুলাই-জুনের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এটি বাস্তবায়নে সংবিধানে পরিবর্তন আনতে হবে।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষের রূপরেখা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০০ সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠনের বিষয়ে অনেক দল একমত হয়েছে। এই কক্ষ সরাসরি জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত হবে না। সংসদে পাওয়া আসনের আনুপাতিক হারে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এটি গঠিত হবে। তবে সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষের থাকবে না।

বৈঠকে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—কিছু রাজনৈতিক দল মাঠের রাজনীতিতে এমন প্রচারণা চালিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন বক্তব্য সম্পূর্ণ অসত্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে। আমরা যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনী বিলটি নিয়ে আসার চেষ্টা করব।”

আলোচনা শেষে বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।