আলজেরিয়ার সাথে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সাথে জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে হুমায়ুন কবির বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ খাতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর জন্য তিনি আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সাথে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশ ও আলজেরিয়ার অংশীদারি আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন হুমায়ুন কবির।

জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে জ্বালানি, ওষুধশিল্প, সার, জাহাজ নির্মাণ, সামুদ্রিক নৌপরিবহন এবং উচ্চপর্যায়ের সফরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সুযোগ নিয়েও মতবিনিময় করা হয়।