তিন শর্তে যুদ্ধের ইতি চায় ইরান

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

চলমান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় ফিরতে আগ্রহী ইরান। এ জন্য কাতারের মাধ্যমে আমেরিকার কাছে তিনটি শর্ত জানিয়েছে তেহরান। শর্তগুলো হলো—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং নৌ অবরোধ তুলে নেওয়া।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, কাতার ও পাকিস্তান দুই দেশের মধ্যে আবার আলোচনা শুরুর জন্য ইরানের সাথে যোগাযোগ ও পরামর্শ চালিয়ে যাচ্ছে। কাতারের মাধ্যমে শর্তগুলো আমেরিকার কাছে পৌঁছানো হয়েছে এবং তেহরান এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে।

রেজাই বলেন, যুদ্ধের সব ফ্রন্টে হামলা বন্ধ, জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং নৌ অবরোধ তুলে নেওয়া—এগুলো ইরানের প্রকাশ্য শর্ত। তবে আলোচনায় ফেরার জন্য ইরান মোট সাতটি শর্ত জানিয়েছে বলে তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন। সাতটির সবগুলো প্রকাশ করা হয়নি।

ইরানের অবস্থান তুলে ধরে রেজাই বলেন, ট্রাম্পের হুমকিতে তেহরানের অবস্থান পরিবর্তন হবে না। শর্তগুলো মেনে নিলে আমেরিকার স্বার্থও রক্ষা হবে বলে দাবি করেন তিনি। একই সাথে শর্ত পূরণ না হলে ইরান আরও সংঘাতের জন্য প্রস্তুত বলেও সতর্ক করেন।

তিনি আরও বলেন, কাতার ও পাকিস্তান দুই পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় চালুর জন্য কাজ করছে। এর আগে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও আলোচনার পথ তৈরির লক্ষ্যে করা সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আলোচনা শুরুর চেষ্টা চলছে।

এদিকে ইয়েমেনের হুতি হামলা এবং সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনাও মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলেছে। সৌদি আরবের পক্ষ থেকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের কথা জানানো হয়েছে। একই সময়ে আঞ্চলিক উত্তেজনা কমাতে বিভিন্ন পক্ষ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।