জাতিসংঘে পেজেশকিয়ান: গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ইরানিদের ‘সন্ত্রাসবাদের শিকার’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি ইরানের ওপর আমেরিকা ও ইসরাইলের যৌথ সামরিক হামলাকে সম্পূর্ণ বেআইনি বলে নিন্দা জানান।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে পেজেশকিয়ান বলেন, কোনো ধরনের হুমকি বা চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না। একইসাথে তিনি কূটনীতির মাধ্যমে সংকটের সমাধানের পথ খোলা রাখার কথাও বলেন।

ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড এবং যুদ্ধের প্রথম দিকে একটি ইরানি স্কুলে নিহত শিশুদের প্রসঙ্গ তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি এ সময় নিহত শিশুদের ছবি বিশ্বনেতাদের সামনে প্রদর্শন করেন।

পেজেশকিয়ান অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকা ও ইসরাইল ইরানের বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল ও অবকাঠামোতে হামলা চালিয়েছে। একইসাথে তিনি দাবি করেন, গত ২০০ বছরে ইরান কোনো দেশের বিরুদ্ধে প্রথমে যুদ্ধ শুরু করেনি। তবে নিজেদের রক্ষায় ইরান পূর্ণ শক্তিতে প্রতিরোধ গড়ে তুলেছে বলে জানান তিনি।

পারমাণবিক কর্মসূচি নিয়েও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না; তবে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকে দেশটি সরে যাবে না।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কথিত দ্বৈতনীতির সমালোচনা করে পেজেশকিয়ান ইসরাইলের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গও তোলেন। তার বক্তব্য, ইসরাইলের পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও দেশটি একই ধরনের পরিদর্শন বা জবাবদিহির মুখোমুখি হচ্ছে না; অথচ আলোচনার টেবিলে থাকা অবস্থায় ইরানের ওপর হামলা চালানো হয়েছে।

গাজা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি ফিলিস্তিন সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের ক্ষত হিসেবে উল্লেখ করেন এবং গাজায় বিপুল প্রাণহানির পরও ইসরাইলকে ছাড় দেওয়ার অভিযোগ তোলেন। একইসাথে ইরানের সাধারণ মানুষের ওপর আমেরিকার নিষেধাজ্ঞারও সমালোচনা করেন।

ভাষণের শেষ দিকে পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা, অতিরিক্ত চাপ ও শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। তবে তিনি জানান, ইরান সমমর্যাদার ভিত্তিতে আলোচনা ও কূটনীতির জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু কোনো শক্তির ভাষা গ্রহণ করবে না।