কাউকেই ভয় পাচ্ছেন না হামজা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো র্যাংকিংয়ে এগিয়ে। তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে ভীত নন বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখেই টুর্নামেন্টে খেলতে চান তিনি।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দলের অনুশীলনে যোগ দিয়ে আসন্ন টুর্নামেন্ট নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন হামজা। ফিফা আসিয়ান কাপ সামনে রেখে জাকার্তায় প্রবাসী অন্য ফুটবলাররাও বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন।
অনুশীলনের ফাঁকে টুর্নামেন্ট নিয়ে কথা বলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা। তিনি বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত বোধ করছি। এটি অবশ্যই আমাদের চেয়ে উঁচু র্যাংকিংয়ের দলগুলোর বিপক্ষে খেলার বড় একটি সুযোগ। তাই আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা।’
প্রতিপক্ষ নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথাও স্পষ্ট করেন হামজা। তিনি বলেন, ‘আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। এটি আমাদের জন্য শেখার একটি পথও। আমরা এখানে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি, যাতে আমাদের দেশকে সম্মানিত ও গর্বিত করতে পারি।’
জাকার্তায় সুযোগ-সুবিধা ও স্থানীয়দের আতিথেয়তাতেও মুগ্ধ হামজা। তিনি বলেন, ‘অসাধারণ। সত্যি বলতে, আমি ঠিক যেমনটা আশা করেছিলাম, তেমনই। খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ, খুবই দয়ালু মানুষ। এখানকার ফুটবলের প্রতি আগ্রহ অনেক বেশি এবং সুযোগ-সুবিধাগুলোও খুব চমৎকার।’
আসন্ন ম্যাচ নিয়েও উচ্ছ্বসিত হামজা। তিনি বলেন, ‘আমি শুক্রবারের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। দেখা যাক, আমরা কেমন করি।’



