ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, আক্রান্ত ৭৫ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে ২ হাজার ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৩০ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনেই ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

এ ছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ৭০ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৪ জন।