অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

লন্ডনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিটে’ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বঙ্গোপসাগরে অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের ২৬টি অফশোর ব্লক নিয়ে চলমান বিডিং রাউন্ডে আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লন্ডনে অনুষ্ঠিত সামিটের স্ট্র্যাটেজিক স্টেজে ‘মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে’ এসব বিষয় তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, দেশের দ্রুত বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস ও জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এ অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

চলমান বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ১১টি অগভীর সমুদ্র ব্লক ও ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সামিটে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন। তিনি সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, বিনিয়োগের গতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের বিভিন্ন সহায়ক নীতির বিষয় তুলে ধরেন।

উপস্থাপনায় বাংলাদেশের তুলনামূলকভাবে অনাবিষ্কৃত অফশোর জ্বালানি সম্ভাবনা, আধুনিক সিসমিক তথ্যের প্রাপ্যতা এবং অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি)-২০২৬-এর বাণিজ্যিক শর্ত তুলে ধরা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদল আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে দেশের ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য পর্যালোচনার পাশাপাশি চলমান বিডিং রাউন্ডে অংশ নিতে সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছে।