নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক নির্বাহীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহত ব্যক্তির শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী ওই দম্পতির বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

নিহত ৪০ বছর বয়সী জোনাথন ম্যাককিনসি দ্য নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক ছিলেন। স্থানীয় সময় শনিবার বিকেলে সানফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরে একটি গাড়ি পার্কিং এলাকায় তাকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম কেজিও-টিভিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর কয়েকটি গুলির শব্দ শুনেছেন। এরপর জোনাথনকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

আসাদ রাজাওয়ি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি ওই ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন এবং তার মাথা ও বুক রক্তাক্ত ছিল।

আসাদের মেয়ে জানান, গুলি চালানোর পর ওই দম্পতিকে স্বাভাবিকভাবে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েক মিনিট পর ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ওই দম্পতিকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সাথে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া এবং শিশুকে বিপদের মধ্যে ফেলার অভিযোগ আনা হয়েছে।

তবে জোনাথন ম্যাককিনসিকে হত্যার কারণ বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কিছু জানায়নি।

আগামীকাল বুধবার আদালতে ওই দম্পতিকে আনুষ্ঠানিকভাবে হাজির করার কথা রয়েছে।