ইরান যুদ্ধ শেষ হলেই কমবে তেলের দাম: ট্রাম্প

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

ইরানের সাথে চলমান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে সংঘাত শেষ হলে তেলের দামও দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন তিনি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ফেডারেল প্ল্যাটফর্ম উদ্বোধনের সময় ট্রাম্প এসব মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরান ‘খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে’। একই সাথে তিনি আবারও দাবি করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না।

চলমান সংঘাতের বিষয়ে ট্রাম্প বলেন, ‘এটি খুব শিগগিরই শেষ হয়ে যাবে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না এবং তেলের দামও দ্রুত কমে যাবে।’

এদিকে সংঘাতের অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছে। তবে আলোচনায় দুই পক্ষের মধ্যে এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে।

ট্রাম্পের মন্তব্যের পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ কিছুটা বাড়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৮৬ শতাংশ কমেছে। এদিন ব্যারেলপ্রতি দাম নেমে আসে ১০৩ দশমিক ৩২ ডলারে।

তবে যুদ্ধের অবসান ও তেলের দাম ভবিষ্যতে কতটা কমবে, তা নির্ভর করবে সংঘাতের গতিপ্রকৃতি, সরবরাহ পরিস্থিতি ও আন্তর্জাতিক তেলবাজারের অন্যান্য বিষয়ের ওপর।