অক্টোবর মাসে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দর অপরিবর্তিত রেখে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

ফলে অক্টোবরজুড়ে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

জ্বালানি তেলের দাম সমন্বয়সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসের জন্য ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।

অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেও কার্যকর থাকবে।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে একলাফে ২০ টাকা বাড়ানো হয়।

তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ ২০২৬ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও সরকার জনস্বার্থে এত দিন দেশে সে অনুপাতে দাম বাড়ায়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং জ্বালানি তেল পাচার রোধে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো বিকল্প ছিল না।