কানাডা থেকে ফেরত পাঠানোয় শীর্ষ সাত দেশের তালিকায় বাংলাদেশ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬
চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) কানাডা থেকে ৩৪০ জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আরো ১ হাজার ৩৬৮ জন বাংলাদেশি নাগরিককে কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় রাখা হয়েছে।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
সিবিএসএর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে কানাডা বিশ্বব্যাপী মোট ১৪ হাজার ৮৯৭ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দেশটির ৪ হাজার ২২৭ জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোর ২ হাজার ২৮২ জনকে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া আমেরিকার ৬০১ জন, কলম্বিয়ার ৫৮০ জন, হাইতির ৫৩৫ জন এবং রোমানিয়ার ৪৩৩ জন নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশ ৩৪০ জন নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে।
সিবিএসএর পরিসংখ্যানে দেখা যায়, কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় থাকা ৪৯ হাজার ৫৩৬ জনের মধ্যে ভারতের নাগরিক ১০ হাজার ২৯৫ জন এবং মেক্সিকোর ৬ হাজার ১০২ জন। ১ হাজার ৩৬৮ জন নিয়ে বাংলাদেশ এ তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে।
সিবিএসএর তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত ‘রিমুভাল ইন প্রগ্রেস’ তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় অংশই অভিবাসন আইনের সঙ্গে অসঙ্গতির কারণে অপসারণ প্রক্রিয়ায় রয়েছেন। এর মধ্যে আশ্রয়প্রার্থী ৪৫ হাজার ৩৩৩ জন এবং আশ্রয়প্রার্থী নন এমন ১ হাজার ৬৪৪ জন রয়েছেন। অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ১ হাজার ৫৬৮ জন এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৪০৭ জন এ তালিকায় রয়েছেন।
অপসারণের আদেশের মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।



