পাইলটদের সংঘর্ষে মাঝ আকাশে আতঙ্ক, সৌদিতে নামল বিমান

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

দুবাই থেকে ইসরায়েলের তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের ককপিটে মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন পাইলট ছুরিকাহত হন বলে ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে। আহত দুই পাইলটকেই হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেলআবিবের উদ্দেশে ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি জরুরি সংকেত পাঠায়। কিছুক্ষণ পর সম্ভাব্য ছিনতাই বা অবৈধ হস্তক্ষেপের সংকেতও পাঠানো হয়।

এতে ইসরায়েলে বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয় এবং দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান বিমানটির দিকে পাঠানো হয়। তবে পরে ইসরায়েলি কর্মকর্তারা জানান, ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের কারণেই জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

ফ্লাইটটি তেলআবিবের পরিবর্তে সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাপ্টেন ও সহকারী পাইলট দুজনই আহত হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, সহকারী পাইলট ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়া এবং সেটিকে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে যাত্রী, ক্রু এবং বিমানে থাকা অন্য পাইলটদের সহায়তায় তাকে নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনার পূর্ণাঙ্গ কারণ ও উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে।

ফ্লাইটটির আকস্মিক গতিপথ পরিবর্তন ও দ্রুত নিচে নেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি কয়েক হাজার ফুট দ্রুত নিচে নেমে যায়।

ফ্লাইদুবাই এক বিবৃতিতে জানায়, ৩০ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া এফজেড১০৭৩ ফ্লাইটটি যাত্রাপথে একটি ঘটনার মুখে পড়ে। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানের সব যাত্রী নিরাপদে আছেন এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছে সংস্থাটি।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছে ফ্লাইদুবাই। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।