ওমরাহ যাত্রীদের জমজমের পানি দিতে বিলম্ব, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্বের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটটি ঢাকায় আসে। ফ্লাইটটির ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে অনাকাঙ্ক্ষিতভাবে সাময়িক বিলম্ব হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে বিলম্বের বিষয়টি জানা গেছে।

সেবার মান ও কাজের জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রীর নির্দেশে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনাটি নজরে আসার পর ওমরাহ যাত্রীদের সাময়িক দুর্ভোগ কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত মজুদ থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করে। পরে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্ত করে সেখানকার জমজমের পানিও যাত্রীদের মধ্যে সরবরাহ নিশ্চিত করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, সম্মানিত যাত্রীদের নিরবচ্ছিন্ন ও সর্বোচ্চ মানের সেবা দিতে তারা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।