‘সজ্ঞানে ও স্বেচ্ছায়’ পদত্যাগের সিদ্ধান্ত মিষ্টির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে স্পিকার জানান, পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হয়েছে।

পদত্যাগপত্রে ফেরদৌসী আহমদ মিষ্টি লিখেছেন, তিনি ‘সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায়’ জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘মাননীয় স্পিকার, আমি ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব, বিনীত প্রার্থনা এই যে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’

বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং ওই দিন থেকেই তা কার্যকর হয়েছে। পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংসদ সদস্যরা পদত্যাগের সময় সাধারণত কোনো কারণ উল্লেখ করেন না।

এদিকে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ১ অক্টোবর শূন্য হয়েছে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি ওই ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন।

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। পরে বৃহস্পতিবার তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।