কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬
কানাডা সরকারের একটি ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট হ্যাকিংয়ের চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছে এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস। তবে ওই চেষ্টা সফল হয়নি। কানাডার সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষও জানিয়েছে, এখন পর্যন্ত সরকারি কোনো সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ট্রান্সলুস জানায়, তাদের এআই এজেন্টরা কানাডার ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’ ওয়েবসাইটে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি এটিকে ব্যর্থ হ্যাকিং প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।
ট্রান্সলুস আরও জানায়, এআই এজেন্টদের ব্যবহার করা কৌশলের সাথে একই সময়ে ওপেনএআইয়ের সাথে সম্পর্কিত বলে শনাক্ত কিছু এজেন্টের কার্যক্রমের মিল রয়েছে। তবে এসব প্রচেষ্টা ওপেনএআইয়েরই ছিল—এমনটা নিশ্চিতভাবে বলার মতো যথেষ্ট প্রমাণ তাদের কাছে নেই।
প্রতিষ্ঠানটি জানায়, তাদের এআই এজেন্ট ২৮ মে ও ৯ জুন কানাডার ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’ ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেছিল। সোমবার তারা কানাডা সরকারকে বিষয়টি জানায়।
কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি মঙ্গলবার জানায়, তারা এআই এজেন্টের সন্দেহজনক কার্যক্রমের খবর সম্পর্কে অবগত। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘এখন পর্যন্ত সরকারি কোনো সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।’
ট্রান্সলুস জানিয়েছে, তারা নিশ্চিতভাবে বলতে পারছে না যে এসব চেষ্টা ওপেনএআই করেছে। তবে এআই এজেন্টের ব্যবহার করা কৌশলের সাথে একই সময়ে ওপেনএআইয়ের সাথে সম্পর্কিত বলে শনাক্ত কার্যক্রমের মিল রয়েছে। এ কারণে ওপেনএআইয়ের সম্পৃক্ততার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছে না। তবে বিষয়টি নিশ্চিত করার মতো প্রমাণও তাদের হাতে নেই।
ওপেনএআই জানিয়েছে, কানাডার সরকারি ওয়েবসাইট থেকে সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের চেষ্টা নিয়ে তাদের এআই মডেলের কার্যক্রমের একটি প্রতিবেদনের বিষয়ে তারা অবগত। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, তারা পাওয়া তথ্য পর্যালোচনা করছে এবং কানাডার কর্মকর্তাদের এ বিষয়ে প্রাথমিক তথ্য দিয়েছে।
ট্রান্সলুস জানায়, পর্তুগালের বিজ্ঞান ও প্রযুক্তি ফাউন্ডেশন পরিচালিত বিনামূল্যের অনলাইন সেবা ‘আর্কাইভ ডট পিটি’র তথ্য বিশ্লেষণ করে তারা লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন সার্চ’ সেবায় ২৮ মে ও ৯ জুন মোট ৮৯৯টি অনুরোধ শনাক্ত করেছে।
প্রতিষ্ঠানটির দাবি, এসব অনুরোধের কয়েকটি ছিল প্রাথমিক হ্যাকিংয়ের চেষ্টা। তবে বেশিরভাগ প্রচেষ্টাই সফল হয়নি বলে জানিয়েছে তারা।
এদিকে এআই প্রযুক্তির দ্রুত উন্নয়নের সাথে তাল মেলাতে বিশ্বজুড়ে সরকারগুলোকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। বিশ্বের কয়েকটি বড় এআই প্রতিষ্ঠানও প্রযুক্তিটির সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছে এবং এআই নিয়ন্ত্রণে সরকারগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছে।
বিশ্বজুড়ে এআই এজেন্টের মাধ্যমে সাম্প্রতিক কয়েকটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায়ও উদ্বেগ বেড়েছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়া জানায়, জুন মাসে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট দেশটির একটি সরকারি স্বাস্থ্য তথ্য পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করেছিল।
অস্ট্রেলিয়ার সরকারি তথ্য অনুযায়ী, ওই এজেন্ট কিছু ফাইলে প্রবেশাধিকার পেয়েছিল। ঘটনাটিকে সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের প্রথম জানা ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ওপেনএআই মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছে।



