ভারতে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬
ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুনের আলান্দির উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির ৪৮ সদস্যের একটি দল দিভেগারে ভ্রমণে গিয়েছিল। দলটিতে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী ও ছয়জন শিক্ষক ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা সমুদ্রে সাঁতার কাটতে নামলে তাদের মধ্যে আটজন পানির স্রোতে ভেসে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সমুদ্রের পানির গভীরতা ও স্রোতের তীব্রতা তারা বুঝতে পারেনি।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। পরে আট শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর ও কৌস্তুভ সন্দীপ দাউন্দ। তাদের সবার বয়স ১৬ বছর এবং তারা পুনের আলান্দির বাসিন্দা।
খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি ঘটনাস্থলে যান।
তিনি জানান, স্থানীয়দের সহায়তায় শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।



