সাড়ে ৩ ঘণ্টা পর গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

গাজীপুরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন পুরোপুরি নির্বাপণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, ৯টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চলছে।

তিনি আরো জানান, সাততলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় ভবনের ভেতর ও ছাদে আটকা পড়া ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে।

আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানায় নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, মেট্টিক্স গার্মেন্টসের গুদামে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা, আকৃতি ও প্রকৃতি দেখে আরো ইউনিটের সহায়তা চাওয়া হয়। পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি বলেন, ভবনের ছাদে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সুউচ্চ ভবন থেকে উদ্ধার কাজে ব্যবহৃত গাড়ি ঘটনাস্থলে নেওয়া হয়। ভেতর ও ভবনের ছাদ থেকে মোট ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুনে হতাহতের ঘটনা ঘটেছে কি না, কীভাবে আগুনের সূত্রপাত এবং কারখানায় কোনো ত্রুটি ছিল কি না—আগুন পুরোপুরি নির্বাপণের পর বিস্তারিত তদন্ত করে তা জানা যাবে।