মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভ, ৫০০ জনের বিরুদ্ধে মামলা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬
ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে অনুমতি ছাড়া বিক্ষোভ আয়োজনের অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজক ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৮৯ ও ২২৩ ধারা এবং মহারাষ্ট্র পুলিশ আইনের ৩৭(১)(৩) ও ১৩৫ ধারায় শিবাজি পার্ক থানায় মামলাটি করা হয়েছে।
এর আগে শুক্রবার নির্বাচন কমিশন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে শিবাজি পার্কে বিক্ষোভ করেন সিজেপি ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের কর্মীরা।
শিবাজি পার্কের বাসিন্দা ও আইনজীবী সিদ্ধি দেওলেকর অভিযোগ করেন, অনুমতি না দেওয়ার পরও সিজেপির নেতারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। এ ঘটনায় তিনি শিবাজি পার্ক থানায় সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও দলটির আইনবিষয়ক প্রধান রত্না সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেওলেকর বলেন, বোম্বে হাইকোর্টের ২০১৩ সালের ৪ জানুয়ারির রায় এবং পরবর্তী মহারাষ্ট্র সরকারের আদেশে শিবাজি পার্কে জমায়েত ও বিক্ষোভের ওপর যে বিধিনিষেধ রয়েছে, তা অমান্য করে বিপুলসংখ্যক মানুষ জড়ো করা হয়েছে।
তিনি আরো অভিযোগ করেন, এটি শান্তিপূর্ণ বিক্ষোভ নয়; বরং রাজনৈতিক প্রতিবাদের আড়ালে আইনের প্রতি অবজ্ঞা দেখানোর চেষ্টা। সংবিধান ও আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি, রাজনৈতিক প্রচার বা মতাদর্শ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
মুম্বাই পুলিশ জানিয়েছে, এসব অভিযোগের ভিত্তিতেই সিজেপির বিক্ষোভের আয়োজক ও ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।



