ব্যাঙ্ককে দুই দিনে ৩০০ মিলিমিটার বৃষ্টি, ৫০ জেলায় দুর্যোগ ঘোষণা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

বর্ষাকালে ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের রাস্তায় পানি জমা নতুন ঘটনা নয়। তবে এবার অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। শহরের কোনো কোনো এলাকায় মাত্র দুই দিনে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

বন্যা পরিস্থিতিতে ব্যাঙ্ককের ৫০টি জেলাকেই দুর্যোগকবলিত ঘোষণা করা হয়েছে। সরকারি হিসাবে বন্যায় এখন পর্যন্ত প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে এবং কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বন্যায় ঘরছাড়া মানুষের জন্য ২৩০টির বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

ব্যাঙ্ককের উত্তর-পূর্বাঞ্চলের খলং চান আবাসিক এলাকায় বন্যার ভয়াবহ চিত্র দেখা গেছে। পানিতে তলিয়ে গেছে বহু গাড়ি; কোথাও শুধু গাড়ির ছাদ দেখা যাচ্ছে। বৃষ্টি কমার পর কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও চারদিকে আবর্জনা ও ময়লা ভাসছে।

ব্যাঙ্ককের পানি নিষ্কাশনে খাল, পাম্প ও বাঁধের ব্যবস্থা রয়েছে। তবে অতিরিক্ত নির্মাণের কারণে অনেক খাল সংকুচিত বা নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত পানি সরানো কঠিন হয়ে পড়েছে। অনেক এলাকায় মানুষ নৌকা ও ফোলানো সুইমিং পুল ব্যবহার করে চলাচল করছেন।

বন্যার কারণে সুবর্ণভূমি বিমানবন্দরেও ব্যাপক প্রভাব পড়েছে। থাই এয়ারওয়েজের অনেক কর্মী কাজে যেতে না পারায় বিমানবন্দরে বিপুল পরিমাণ লাগেজ জমে যায়। কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। অনেক স্কুল বন্ধ রয়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে।

প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, ব্যাঙ্কক এখনো বন্যার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে একটি বিশেষ নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। আবহাওয়া বিভাগ আগামী সপ্তাহে আরো ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অতিবৃষ্টি ও বড় ধরনের বন্যার ঝুঁকি বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা বাড়লে বাতাসে বেশি জলীয়বাষ্প জমতে পারে, ফলে অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টির ঝুঁকি বাড়ে। তবে ব্যাঙ্ককের এবারের নির্দিষ্ট বৃষ্টিপাত সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

কোপারনিকাস ক্লাইমেট পালসের তথ্য অনুযায়ী, একটি নিম্নচাপের প্রভাবে ব্যাঙ্ককে ভারি বৃষ্টি হয়েছে। নিম্নচাপটি উষ্ণ দক্ষিণ চীন সাগর থেকে কম্বোডিয়া ও ভিয়েতনামের ওপর দিয়ে এসে ব্যাঙ্ককের ওপর অবস্থান করায় দীর্ঘ সময় বৃষ্টি হয়েছে। একই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে প্রতিবেশী মিয়ানমারেও বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।

দক্ষিণ মিয়ানমারের কা ডেট এনগে হেইন গ্রামে ভূমিধসে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আরেকটি গ্রামে কাদার নিচে আরো আটজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে ব্যাঙ্ককে পানি সরাতে পাম্পগুলো সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। তবে শহরের অনেক এলাকা থেকে পুরোপুরি পানি নামতে আরো কয়েক দিন সময় লাগতে পারে।