কূটনীতিক ও বিদেশিদের দ্রুত কিয়েভ ছাড়ার আহ্বান রাশিয়ার

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের শহরটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে বিদেশিদের ইউক্রেন সফর না করার এবং স্থানীয় বাসিন্দাদের সামরিক ও প্রশাসনিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে মস্কো।

শনিবার (৩ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়েছে, রাশিয়ার বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর ইউক্রেনীয় বাহিনীর ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাবে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের সামরিক স্থাপনায় ‘ব্যাপক প্রতিশোধমূলক হামলা’ অব্যাহত রাখবে রুশ বাহিনী।

বিবৃতিতে বিদেশি নাগরিক, বিশেষ করে কূটনৈতিক মিশনের কর্মীদের ইউক্রেনে অবস্থান বা দেশটিতে ভ্রমণ না করার বিষয়ে আবারও সতর্ক করা হয়েছে। এই সতর্কতা উপেক্ষা করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর বর্তাবে বলেও উল্লেখ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৫ মে প্রকাশিত এক বিবৃতি ও বিদেশি অংশীদারদের কাছে পাঠানো কূটনৈতিক চিঠিতে একই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পরে ২৭ মে কূটনৈতিক কোরের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি পুনর্ব্যক্ত করেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, নরওয়ে ও সুইজারল্যান্ডও তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণের বিষয়ে বারবার সতর্ক করেছে। মন্ত্রণালয়ের দাবি, কিয়েভে এখনো অনেক দেশের দূতাবাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিদেশি কর্মকর্তারাও ইউক্রেন সফর করছেন।

এদিকে কিয়েভ থেকে বিদেশি দূতাবাসগুলো সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্তের খবর এখনো নিশ্চিত হয়নি। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো বিদেশি দূতাবাস কিয়েভ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।

সাম্প্রতিক সময়ে কিয়েভে রুশ হামলা বেড়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেতুতে হামলার ঘটনায় শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।