‘যুদ্ধ এখনো শেষ হয়নি’, আমেরিকা-ইসরায়েলি বিমানে হামলার আহ্বান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬
সাম্প্রতিক ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট ছিনতাইয়ের কথিত প্রচেষ্টার ঘটনার পর আমেরিকা ও ইসরায়েলি বিমানে একই ধরনের হামলা চালানোর আহ্বান জানিয়েছে আল-কায়েদা। সংগঠনটির সমর্থকদের প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘আল-বায়ান’-এর সর্বশেষ সংখ্যায় এ আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে ওই প্রকাশনায় দাবি করা হয়েছে, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি।’ একই সঙ্গে গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের একটি দুবাইগামী ফ্লাইট নিয়ন্ত্রণে নেওয়ার কথিত প্রচেষ্টার ঘটনায় অভিযুক্ত ওমানি সহ-পাইলট হামাম আলহাম্মামির প্রশংসা করা হয়েছে। পাশাপাশি আমেরিকা ও ইসরায়েলি বিমানকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানানো হয়েছে।
নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘আল-বায়ান’ একটি আরবি ভাষার সাপ্তাহিক প্রকাশনা। আল-কায়েদার সমর্থকেরা গত জুলাইয়ে এটি চালু করে।
শনিবার আল-কায়েদা-সংশ্লিষ্ট কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশনাটির ওই লেখাটি ছড়িয়ে দেওয়া হলেও পরে তা সরিয়ে নেওয়া হয়।
এদিকে ফ্লাইদুবাইয়ের অভিযুক্ত পাইলট হামাম আলহাম্মামির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও আল-কায়েদার নেতাদের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা কয়েকটি পোস্ট দেখা যায়। ঘটনার প্রায় নয় ঘণ্টা পর এসব পোস্ট প্রকাশিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একটি পোস্টে ককপিটের ভেতরের কিছু ভিডিও ছিল। সেখানে কাছাকাছি থাকা একটি ইসরায়েলি বিমানকে দেখানো হয় বলে দাবি করা হয়েছে। পরে আল-কায়েদার সাবেক প্রধান আয়মান আল-জাওয়াহিরির ছবিও দেখানো হয়। ২০২২ সালে আমেরিকার হামলায় আল-জাওয়াহিরি নিহত হন।
আরেকটি পোস্টে ইসলামের তিন পবিত্র স্থান—মক্কা, মদিনা ও জেরুজালেমের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি দেখা যায়।
তবে হামাম আলহাম্মামি তখন হেফাজতে থাকা অবস্থায় এসব পোস্ট কীভাবে তাঁর অ্যাকাউন্টে প্রকাশিত হলো, তা স্পষ্ট নয়। পোস্টগুলো আগে থেকে নির্ধারিত ছিল কি না, কিংবা অন্য কেউ সেগুলো প্রকাশ করেছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
পরে হামাম আলহাম্মামির লিংকডইন ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটিই মুছে ফেলা হয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।



