জামায়াতের সাথে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর দাবি, আওয়ামী লীগ ও ওই দলের আচরণ এবং কথাবার্তায় মিল রয়েছে। বিরোধী দল জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, আওয়ামী লীগের সাথে তাদের একধরনের সম্পর্কের প্রমাণ রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রিজভী।

জামায়াতকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল। তাদের সাথে এখন যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। প্রমাণ আছে, তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে। তারা নিজেরাই বলেছিল, আওয়ামী লীগকে মাফ করে দেবে। সুতরাং যার যে প্রমাণ থাকার কথা, তা আছে।’

বিএনপির বিরুদ্ধে অতীতে অপপ্রচারের অভিযোগ তুলে রিজভী বলেন, আগে প্রচার করা হতো, বিএনপি একটি জঙ্গি রাজনৈতিক দল এবং বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকবেন না। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রমাণ করেছে, সরকার সতর্ক থাকলে কোনো চক্রান্তকারী তাদের নীলনকশা বাস্তবায়ন করতে পারে না।

এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের দাবি করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, গত ১৭–১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসা দর্শনার্থীরাও পূজার পরিবেশের প্রশংসা করেছেন বলে তিনি জানান।

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে রিজভী বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এতে ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তির করণীয় সম্পর্কে নির্দেশনা রয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা যাতে বিনামূল্যে চিকিৎসাসেবা পান, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা এবং দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

দারিদ্র্য কমার পূর্বাভাস

সরকারের অর্থনৈতিক উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করছে। অর্থনীতিবিদদের বরাত দিয়ে তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছরেই দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।