এক দিনে হামের উপসর্গে আক্রান্ত আরও ১,০৩১ শিশু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত বা সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৬ শিশুর এবং সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৯৯৫ শিশু।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ শিশুর।

এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬০৮ রোগী। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক হাম হিসেবে মোট ১ হাজার ২০৭ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সন্দেহজনক হামজনিত মৃত্যু ১ হাজার ১০৩টি এবং পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু ১০৪টি।

বিভাগভিত্তিক হিসাবে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।